বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।
এই আদেশের ফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রধান শিক্ষক প্রার্থীদের ১৫ অক্টোবর থেকে অনুষ্ঠায়ী মৌখিক পরীক্ষায় অংশ নিতে কোনো বাধা থাকছে না।
এই স্থগিতাদেশ নিয়মিত লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। তবে আদালত রিট আবেদনকারীদের জন্য প্রধান শিক্ষকের ৪৬টি পদ সংরক্ষণ বা শূন্য রাখার নির্দেশ দিয়েছেন। এর আগে, জনবলকাঠামো ও এমপিও নীতিমালার সংশোধনীতে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত যুক্ত করা হয়। এই শর্তের বৈধতা চ্যালেঞ্জ করে ৪৬ জন সহকারী প্রধান শিক্ষক রিট আবেদন করেছিলেন। গত ২৩ জুলাই হাইকোর্ট ওই শর্ত বাতিল করে রায় দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও আইনজীবী মো. হুমায়ুন কবীর।
বাংলাদেশ সময়: ৭:০৮:০৫ ১৯ বার পঠিত #আদালত সংবাদ #আপিল বিভাগ #এমপিও নীতিমালা #নিয়োগ #প্রধান শিক্ষক #শিক্ষা #হাইকোর্ট