বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (৬ অক্টোবর) আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্তি উপলক্ষে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আলোচিত এই হত্যা মামলার সাত বছর পূর্ণ হলেও এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। মামলাটি বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, মামলাটির দ্রুত শুনানির দায়িত্ব মূলত আসামিপক্ষের। তবে চূড়ান্ত শুনানিতে সব আসামির সাজা বহাল রাখার জন্য রাষ্ট্রপক্ষ সচেষ্ট থাকবে।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭:৩২:৫০ ২১ বার পঠিত #অ্যাটর্নি জেনারেল #আদালত #আবরার ফাহাদ #ফ্যাসিবাদ #বুয়েট #হত্যা মামলা