জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যাংকিং, বিমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ওষুধ, পানীয় ও সিগারেটসহ ১১টি নির্দিষ্ট খাতের প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনার আওতায় থাকা খাতগুলো হলো: সিগারেট, মোবাইল ফোন, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ। আদেশে বলা হয়েছে, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান এসব পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি অন্য কোনো ব্যবসায় জড়িত থাকলেও তাদের ক্ষেত্রে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম প্রযোজ্য হবে।
এ ছাড়া অনলাইনে দাখিলপত্র পেশসংক্রান্ত অতীতে এনবিআরের জারি করা নির্দেশনাগুলো এই আদেশের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে। তবে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এই তালিকায় নতুন কোনো খাত যুক্ত বা বিদ্যমান কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতা এনবিআরের থাকবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নির্ধারিত খাতের ব্যবসায়ীদের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে।
বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৩ ৮ বার পঠিত #অনলাইন রিটার্ন #এনবিআর #ব্যবসায়িক নীতি #ভ্যাট #রাজস্ব বোর্ড