দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদাপত্রে ২৮ জন বাংলাদেশি কর্মীর নিয়োগ সত্যায়নের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ হাইকমিশন ও রিক্রুটিং এজেন্সি গুডনেস সার্ভিসেস লিমিটেড বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৪ সালের ৩১ মে কর্মী নিয়োগে অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মী প্রবেশ বন্ধ করে দিয়েছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় এই বাজার পুনরায় উন্মুক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত দুই দেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শ্রমবাজার চালুর খবরে দালাল ও মধ্যস্বত্বভোগী চক্র সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। সরকারিভাবে পূর্ণাঙ্গ প্রক্রিয়া, সম্ভাব্য ব্যয় এবং ধাপগুলো এখনো স্পষ্ট না হওয়ায় চাকরিপ্রত্যাশীদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। সরকার আপাতত কাউকে পাসপোর্ট জমা না দেওয়া বা টাকা পরিশোধ না করার পরামর্শ দিয়েছে। অতীতে কর্মী পাঠানোর নামে ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ ছিল, এবারও ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সরকার বিএমইটির ডাটাবেজ ব্যবহার করে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের ১৯ ধারা অনুযায়ী কর্মী নির্বাচনের নির্দেশনা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:১৮:১২ ১৪ বার পঠিত #দালাল চক্র #নিয়োগ #প্রবাসী #বাংলাদেশ হাইকমিশন #বৈদেশিক কর্মসংস্থান #মালয়েশিয়া #শ্রমবাজার