মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বুধবার বিচারপতি মোহাম্মদ রবিউল আউয়াল এই রায় ঘোষণা করেন। একই মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
গত ৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া গ্রামে প্রতিবেশী নুরুল ইসলামের সঙ্গে নাঈমের বাবা মো. চেরাগ মিয়ার ফেসবুক আইডি সংক্রান্ত বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম ও তার সহযোগীরা নাঈমের বাবা-মাকে মারধর শুরু করেন। ঘটনা থামাতে এগিয়ে এলে নাঈমকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাঈম মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন। ঘটনার দুদিন পর ৯ নভেম্বর তার বাবা মো. চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মূলহোতা নুরুল ইসলামসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১২:৩৫:৩৩ ১ বার পঠিত #অপরাধ #আদালত #জেলা জজ কোর্ট #মৃত্যুদণ্ড #মৌলভীবাজার #হত্যা মামলা