
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দিন ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এ প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হওয়ায় এর আগেও কয়েক দফায় সময় বাড়ানো হয়েছিল। সর্বশেষ গত ২০ আগস্ট সিআইডির সহকারী পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা আবদুল কাদির ভূঞা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে আদালত আজকের এই নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছিল, যেখানে ফয়সাল করিম মাসুদকে প্রধান অভিযুক্ত করা হয়। তবে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। ডিবির অভিযোগপত্রে দাবি করা হয়েছিল, রাজনৈতিক প্রতিহিংসা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে হাদিকে হত্যা করা হয়। ২০২৫ সালের ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। ঘটনার পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছিল, যা পরে হত্যা মামলায় রূপ নেয়।
বাংলাদেশ সময়: ৯:১৩:৪৭ ১ বার পঠিত #আদালত #ইনকিলাব মঞ্চ #তদন্ত প্রতিবেদন #পল্টন থানা #শরিফ ওসমান হাদি #সিআইডি #হত্যা মামলা