ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬



ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হামলার পর আবাদান, বন্দর আব্বাস, বুশেহর ও কেশমসহ দক্ষিণ ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।সংবাদ প্রতিবেদন বার্তাসংস্থা আনাদোলু বলছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের ‘হামলার চেষ্টার’ জবাব হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টা (ইরানের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টা) থেকে ইরানে এই হামলা শুরু হয়।

সেন্টকমের ভাষ্য, ‘মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর গতকালের ইরানের হামলার চেষ্টার জবাবে এটি শক্তিশালী জবাব।’ এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুব কঠোর’ জবাব দেয়ার ঘোষণা দেন। মিশরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকারে ড্রোন হামলার পর তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব, কারণ এবার আমাদের পালা। তারা জানে, এটি আসছে।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। ওয়াশিংটন ইরানে হামলা চালানোর পর তেহরানও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের সর্বশেষ হামলার পর দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আবাদানে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে।

এছাড়া হরমোজগান প্রদেশের বন্দরনগরী বন্দর আব্বাসে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও। তবে হরমোজগান প্রদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সিরিক শহরে কোনও হামলা হয়নি।

আইআরআইবি আরও জানিয়েছে, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপে শহরের ভেতরে তিনটি বিস্ফোরণ হয়েছে। স্থানীয়দের বরাতে সংস্থাটি জানায়, একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তবে এতে হতাহতের কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। এছাড়া প্রেস টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর দক্ষিণ ইরানের কয়েকটি স্থানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বাংলাদেশ সময়: ৮:৪৬:৫৩   ১৯৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ১১
ইরানের হুমকির মুখে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বিমান স্থানান্তর
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসন ঠেকাতে তৎপর ট্রাম্প ও রুবিও
সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ অবৈধ প্রবাসী আটক ও বহিষ্কার
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, দাবি স্বাস্থ্য কর্মকর্তার
নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে কোনো পার্থক্য নেই: আবদেল বারি আতওয়ান
২০২৯ সালে মোদি সরকারের পতন হবে, দাবি সিজেপি প্রতিষ্ঠাতার
ওমান সাগরে আগুন লাগা জাহাজের ২২ নাবিককে উদ্ধার করল আমিরাত
ইয়েমেনে বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত

Law News24.com News Archive

আর্কাইভ