![]()
টেকনাফের নোয়াখালীয়া এলাকায় গুলি ছুড়ে গরু লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীয়া পাড়া পেট্রোল পাম্পের পেছনে পাহাড়ের পাদদেশে বসবাসরত ফরিদ আলমের বাড়ির দিকে কয়েকজন সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী নেমে আসে। এ সময় তারা অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। পরে বাড়ি থেকে একটি গরু নিয়ে দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়।
গরুর মালিক মালিক ফরিদ আলম জানান, ‘সন্ধ্যায় কয়েকজন স্থানীয় সন্ত্রাসী পাহাড় থেকে নেমে এলোপাথাড়ি গুলি চালিয়ে আমার একটা গরু ছিল, সেটি নিয়ে যায়। পাহাড়ী সন্ত্রাসীদের সাথে স্থানীয়রা জড়িত রয়েছে। আমি বিচার চাই। ঘটনাস্থলে পুলিশ এসেছে তারা তাদের মতো তদন্ত করছে।’
স্থানীয় বাসিন্দা ইলিয়াস কুবরা জানান, গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে লুটকারীরা গরুটি নিয়ে পাহাড়ে উঠে যায়। তবে এখনো পর্যন্ত গরু উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানিয়েছেন, পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয়ভাবে একটি প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তারা দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস জানান, ‘সন্ধ্যায় পাহাড়ী সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি ছোড়ে একটি গরু নিয়ে গেছে বলে শুনেছি, এ বিষয়ে পুলিশ কে জানানো হয়েছে।’
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এ ঘটনায় পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে,আমরা বিষয়টি তদন্ত করছি।’
বাংলাদেশ সময়: ২৩:৪১:৩৯ ১১ বার পঠিত