ইসলামী বক্তা সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে সাংবাদিকদের পেটানোর হুমকির অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম, কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে এই নোটিশ পাঠান।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর বক্তব্য, মানহানি, হামলার হুমকি ও উসকানি দেওয়ার অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে এনায়েতুল্লাহ আব্বাসী সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার।’ তিনি আরও অভিযোগ করেন যে, সাংবাদিকরা বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে পরিচালিত এবং তারা দেশের ভালো চায় না।
নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ধরনের বক্তব্য সাংবাদিকতার জন্য ভীতিকর পরিবেশ তৈরি করেছে এবং এটি পেশাদার সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
বাংলাদেশ সময়: ১৯:৪২:৫৫ ১০ বার পঠিত #আইনি নোটিশ #এনায়েতুল্লাহ আব্বাসী #মানহানি #সাংবাদিক #হুমকি