![]()
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বেসরকারি বিশ্ববিদ্যালয় ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। আজ সোমবার (১১মে) সকাল ১০টা থেকে ক্যাম্পাসের সামনের নীলগঞ্জ সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। বিক্ষোভরত শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
তাদের দাবি মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বিশ্ববিদ্যালয় চালুর ২ বছরের মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী স্থাপনা করার বাধ্যবাধকতা থাকলেও কর্তৃপক্ষ রহস্যজনক কারণে ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ইউজিসির নিম্নমানের র্যায়কে রয়েছে। সনদ নিয়ে পেশাগত জীবনে ঝুঁকিতে পড়ার আশংকা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাঈদ সুমন বলেন, “স্থায়ী ক্যাম্পাস আমাদের ন্যায্য দাবি। অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস অনুমোদন করে ছাত্রদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বাস্তবায়ন করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আরেক শিক্ষার্থী নওরিন সুলতানা উষা বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিটি দীর্ঘদিনের, এর আগেও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির মুখে তড়িঘড়ি করে জমি কিনে সাইনবোর্ড স্থাপন করলেও আদতে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের মাটি আজও স্পর্শ করতে পারেনি। আমরা টিনশেড ঘর করে হলেও স্থায়ী ক্যাম্পাসে যেতে চাই।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান বলেন, আমরা তিনদিন সময় নিয়েছি। জায়গাতো আমাদের আছেই। ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাথে স্থায়ী ক্যাম্পাসের ব্যাপারে কথা বলে শিক্ষার্থীদের জানাবো।
প্রতিবেদন লেখার সময় দুপুর সোয়া বারোটা পর্যন্ত ক্লাস বর্জন করে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৭:০৭ ৫৫ বার পঠিত