শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন : ১৪ পদের ৯টি বিএনপিপন্থীদের, ৫টি আওয়ামীপন্থীদের

প্রথম পাতা » আইনজীবী সমিতি নির্বাচন » কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন : ১৪ পদের ৯টি বিএনপিপন্থীদের, ৫টি আওয়ামীপন্থীদের
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬



---

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে প্যানেলে ১১টি পদে প্রার্থী দিয়ে নয়টিতে জয় পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

সমিতির ১৪ টি পদের মধ্যে কার্যকরী সদস্য পদের দুইটিতে কোনো প্রার্থী দেয়নি বিএনপি।

নির্বাচনে বিএনপির প্রার্থী না দেয়া দুইটি সদস্য পদসহ পাঁচটি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

এ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো প্যানেল দেয়নি বলে জানা গেছে।

বুধবার সকাল দশটায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে দিবাগত রাত সাড়ে নয়টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মো: ইদ্রিস মিয়া এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল

‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রার্থীরা জয়ী হন।

আওয়ামীপন্থীরা একটি সহ-সভাপতি, দুইটি সহ-সম্পাদক ও খালি থাকা দুইটি সদস্য পদে জয়ী হয়েছেন।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মো: মিজানুর রহমান ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীপন্থী আইনজীবী মো: সহিদুল আলম শহীদ পেয়েছেন ১৭৫ ভোট।

বিএনপির প্যানেল থেকে টানা ষষ্ঠবারের মতো

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম রতন।  তিনি এবার ২৬৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট।

নির্বাচনে জয়ীদের মধ্যে বিএনপিপন্থী অন্যরা হলেন—সহ-সভাপতি পদে এ.এম. ছাজ্জাদুল হক, পাঠাগার সম্পাদক পদে মো: আবু বাক্কার সিদ্দিক মিলন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক পদে মো: নজরুল ইসলাম (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), অডিটর পদে মো: আসাদুজ্জামান ভূইয়া উৎপল (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) এবং সদস্য পদে মো: আবু হানিফ, মো: সোহাগ মিয়া ও মো: সারোয়ার আলম।

আওয়ামীপন্থী জয়ী যারা তারা হলেন— সহ-সভাপতি  মুফতী মো: জাকির খান, সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুল হক ভূইয়া ও মো: আবু সাইম এবং সদস্য পদে মো: রফিকুল ইসলাম ও মো: কোরবান আলী।

বিএনপিপন্থী আইনজীবীদের জয়ের বিষয়ে জানতে চাইলে জেলার সিনিয়র আইনজীবী ও করিমগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফীউজ্জামান শফী বলেন, ‘বিএনপির সবাই এবার ঐক্যবদ্ধ ছিল তাই বড় বিজয় এসেছে। এবার সদস্য পদের দুইটিতে প্রার্থী দিতে পারেনি বিএনপি। ওই দুটি পদে প্রার্থী দিলেও বিএনপিপন্থিরাই বিজয়ী হতো।’

জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার মো: ইদ্রিস মিয়া বলেন, ‘দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছিল এতে। রাতে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।’

বাংলাদেশ সময়: ১২:৩৪:৫৪   ২৯ বার পঠিত