
ডেস্ক রিপোর্ট : আজ বুধবার (৪ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শিক্ষানবিশ আইনজীবীগণ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে, ৩০ নভেম্বর, ২০২৫ইং তারিখ সম্পন্ন হওয়া আইনজীবী তালিকাভুক্তি ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশের জোর দাবি জানিয়েছেন।
লিখিত বক্তব্যে শিক্ষানবিশ আইনজীবীগণ বলেন, নিয়ম অনুযায়ী প্রতিবছর দুটি তালিকাভুক্তি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও বার কাউন্সিলের Ad hoc কমিটির নিজেদের ভূলের কারণে তা করতে পারছেন না।
বিগত ২৫ এপ্রিল, ২০২৫ এমসিকিউ, ২৮ জুন,২০২৫ লিখিত পরীক্ষা এবং ৩০ নভেম্বর, ২০২৫ ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়। এতে প্রায় ৭৯১৭ জন ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই ৭৯১৭ জনের রেজাল্ট নিয়মানুযায়ী, ডিসেম্বর, ২০২৫ এর প্রথম সপ্তাহে ভাইভা রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা। কিন্তু, বার কাউন্সিলের Ad hoc কমিটির কিছু ভূল সিদ্ধান্তের কারণে প্রায় ০৩(তিন) মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা দেন নি বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান Ad hoc কমিটি ।
সেই সাথে এই দীর্ঘসূত্রতার কোন কারণ বা ব্যাখ্যা বাংলাদেশ বার কাউন্সিল প্রদান করার প্রয়োজন মনে করেন নি।
অতীতে ভাইভা শেষ হওয়ার এক-দুই দিনের মধ্যেই ফল প্রকাশের নজির রয়েছে, সেখানে মাসের পর মাস বিলম্ব অযৌক্তিক ও হতাশাজনক।
ফলে, প্রায় ৭০-৮০ হাজার শিক্ষানবিশ আইনজীবীদের ভূগান্তির শেষ নেই। এইক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল (বর্তমান Ad hoc কমিটি) চরমভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন।
শিক্ষানবিশ আইনজীবীগণ আরও বলেন, পেশাগত পরিচয়হীনতা, আর্থিক সংকট ও মানসিক চাপের মধ্যে দিন কাটাতে হচ্ছে। যে সময়ে তরুণ আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথা, সে সময়ে ফলাফলের অপেক্ষায় অনিশ্চয়তায় থাকতে হচ্ছে।
এ পরিস্থিতি শুধু প্রার্থীদের ব্যক্তিগত জীবনেই প্রভাব ফেলছে না, ভবিষ্যৎ আইন অঙ্গনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
শিক্ষানবিশ আইনজীবীগণ আরও বলেন, বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ যেন নিজেদের ভূল অতিদ্রুত সংশোধনপূর্বক ৩০ নভেম্বর, ২০২৫ সালে সম্পন্ন আইনজীবী তালিকাভূক্তির ভাইভার ফল প্রকাশের জোর দাবি জানান। অন্যথায়, কঠোর আন্দোলনের যাবেন বলে জানান।
সংবাদ সম্মেলন শেষে তারা বার কাউন্সিল ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮:৫০:০২ ১৩৪ বার পঠিত