
অধিকৃত জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে মসজিদের প্রাঙ্গণ গ্রেপ্তার করেছে ইসরাইলের পুলিশ।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় কোনো কারণ না জানিয়েই মসজিদের চত্বর থেকে শায়খ আল-আব্বাসিকে আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরাইলের কঠোর পদক্ষেপ বৃদ্ধির প্রেক্ষাপটে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ইমাম ও খতিবদের ওপর বিধিনিষেধ, মুসল্লিদের প্রবেশে সীমাবদ্ধতা এবং ইসরাইলি পুলিশের কড়া নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের (সেটলার) বারবার প্রবেশ।
মঙ্গলবার এক বিবৃতিতে এই গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা দাবি করেছে, শায়খ আল-আব্বাসিকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আদেশও দেয়া হয়েছে। সংগঠনটি বলেছে, এটি আল-আকসার অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ এবং এর ইমামদের ওপর অগ্রহণযোগ্য আক্রমণ।
হামাস আরও অভিযোগ করে, আল-আকসা মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা, মুসল্লিদের প্রবেশে বাধা দেয়া, রমজান মাসের প্রস্তুতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সেটলারদের অভিযানের মাত্রা বৃদ্ধির মতো পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক। তাদের দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে ইসরাইল ঐতিহাসিক এই মসজিদের নিয়ন্ত্রণ গ্রহণ, ইহুদিকরণ এবং সময় ও স্থানভিত্তিক বিভাজন আরোপের চেষ্টা করছে।
রমজান মাসে আল-আকসা মসজিদে বিপুল সংখ্যক ফিলিস্তিনি নামাজ আদায় করতে আসেন। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এই স্থানটি পূর্ব জেরুজালেমে অবস্থিত, যা ১৯৬৭ সালে ইসরাইল দখল করে এবং পরবর্তীতে সংযুক্ত করে। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থাপনা অনুযায়ী, ইহুদিরা আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করতে পারলেও সেখানে মুসলমানদের নামাজ আদায়ের অনুমতি নেই।
বাংলাদেশ সময়: ২১:০৭:২৩ ৩৩ বার পঠিত