সাভারে মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

প্রথম পাতা » রাজধানী » সাভারে মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



সাভারে মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। প্রায় দেড়ঘন্টা পর সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে আশুলিয়া থানা পুলিশের আশ্বাসে সড়কে থেকে সরে যান অবরোধকারীরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অবরোধ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ যাত্রীরা। পরে সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসের জন্য অপেক্ষারত শ্রমিকেরা জানান, নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের ছুটি শুরু হওয়ায় দেশের বিভিন্ন এলাকার শ্রমিক ভোটার বাড়ি যাওয়ার লক্ষে বিভিন্ন বাসস্ট্যান্ডে জরো হচ্ছেন। যাত্রী পরিবহন বাসের সংখ্যা কম থাকায় দীর্ঘ সময় ধরে তারা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন। বাসের সংখ্যা কম থাকায় বাসের ভাড়া বেশি আদায় করছেন বাসের মালিকপক্ষ৷ সকাল ৮ টার দিকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে একপর্যায়ে ঘরমুখো যাত্রীরা ক্ষুব্ধ হয়ে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় নবীনগর থেকে চন্দ্রা মহাড়ক অবরোধ করেন।

যাত্রী মুখলেস বলেন, ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ এসেছে। আমি জামালপুর যাব। আগে যেখানে ভাড়া ছিল ৩০০ টাকা, সেখানে এখন ১ হাজার টাকা চাওয়া হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এ ভাড়া দেওয়া অসম্ভব। সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।

পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, কারখানা ছুটি হওয়ার পর আমরা ভোট দিতে বাড়ি ফিরছি। কিন্তু বাসচালক ও হেলপাররা ডাবল ভাড়া চাইছে। রাজশাহীতে যেতে আগে ৫০০ টাকা লাগত, এখন ১ হাজার টাকারও বেশি চাওয়া হচ্ছে। একজন শ্রমিক এই অতিরিক্ত টাকা কোথা থেকে দেবে? এতে ভোটারদের বাড়ি ফেরা ব্যাহত হচ্ছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, যাত্রীদের অভিযোগ শুনার পর এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে জানানোর পর তাঁরা সড়ক থেকে সরে গেছেন। সড়কে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, শিল্পকারখানা ছুটি শুরু হওয়ায় একসঙ্গে অনেক শ্রমিক বাসের জন্য বাসস্ট্যান্ডে এসেছেন। সড়কে বাসের সংখ্যা তুলনামূলক কম। বাইপাইলে বাসস্ট্যান্ডে যাত্রীর চাপ বেশি থাকায় অনেকে সড়কের উপর অবস্থান নেয়ায় গাড়ি চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে।

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন ছুটি থাকবে শিল্পকারখানার শ্রমিকদের। ভোটের পরের দিন শুক্রবার এরপরদিন শনিবার সাপ্তাহিক ছুটি আছে। ফলে নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিন ছুটি থাকছে।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৫৯   ৮৩ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪২
ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে
জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা: অভিযোগপত্রে প্রেমিকের ‘মানসিক নিপীড়নের’ অভিযোগ
গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি
শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন বিচার দাবি করা হাস্যকর: রাশেদ খাঁন
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬০, মামলা ৪৯

Law News24.com News Archive

আর্কাইভ