বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

দুদকের মামলায় সাবেক এমপি গোলাপ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

প্রথম পাতা » দুদক » দুদকের মামলায় সাবেক এমপি গোলাপ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



দুদকের মামলায় সাবেক এমপি গোলাপ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাট, বাড়ি ও জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন আসামি গোলাপকে আদালতে হাজির করা হয়। এসময় আসামিপক্ষে তার আইনজীবী শহিদুল ইসলাম এই মামলায় সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘গত ১৯ মার্চ মামলাটি দায়ের হয়েছে। তবে এ পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করে ও তা ভোগদখলে রাখেন।

এ ছাড়া তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ৫১টি ব্যাংক হিসাবে মোট ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। আবদুস সোবহান ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান তিনি।

এর আগে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৮:০৩   ৩৬ বার পঠিত