শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রিট শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়ায় অনিয়ম: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » রিট শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়ায় অনিয়ম: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত রিট শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নাইমা হায়দারকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এই আদেশ দেন। সাবেক এই বিচারপতিকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

আদালত সংশ্লিষ্ট নথিপত্র তলব করে ১৯টি রিট আবেদনের নথিপত্র পর্যালোচনা করে গুরুতর ধরনের কিছু অসংগতি ও অনিয়ম দেখতে পান। বিষয়টি তদন্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি আপিল বিভাগে প্রতিবেদন দাখিল করে।

তদন্তে ৯টি মামলায় গুরুতর অসংগতি ও অনিয়ম শনাক্ত হয়েছে। এসব মামলায় শুনানি পরিচালনাকারী আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেনকে আপাতত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদেশে বলা হয়, সংশ্লিষ্ট বেঞ্চের শুনানি পরিচালনা ও রুল নিষ্পত্তির পদ্ধতি ছিল দুঃখজনক ও অনভিপ্রেত। বিশেষ করে, শুনানি শেষ হওয়ার পর নতুন করে সহ-রিট আবেদনকারী যুক্ত করার প্রক্রিয়া এবং মামলার শিরোনামে নাম অন্তর্ভুক্ত না করেই রায় ঘোষণার বিষয়টি অস্বাভাবিক বলে আদালত উল্লেখ করেছেন।

বাংলাদেশ সময়: ৭:২৪:০৪   ৪ বার পঠিত   #  #  #  #  #  #  #