শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিকল্প রুটে চলবে খুলনা-ঢাকা জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিকল্প রুটে চলবে খুলনা-ঢাকা জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



নিরাপত্তার স্বার্থে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী শনিবার (২৮ নভেম্বর) থেকে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালু হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সিনিয়র সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রী ও রেলওয়ের নিরাপত্তার স্বার্থে ট্রেন দুটির চলাচল স্থগিত করা হয়েছে। একই সঙ্গে খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রাজস্ব ক্ষতি এড়ানো এবং রেলওয়ের কোচ বা রোলিং স্টকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে এক জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ট্রেনটির সময়সূচি ও যাত্রাবিরতি নিম্নরূপ:

  • ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে পোড়াদহ ও রাজবাড়ী হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
  • ২০০০৪ নম্বর ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনা থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
  • ট্রেনটির যাত্রাবিরতি থাকবে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে।
  • প্রতি সোমবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন ট্রেনটির কোচ বিন্যাস, মার্শালিং ও আসনসংখ্যা জাহানাবাদ এক্সপ্রেসের মতোই থাকবে। খুলনা ও ঢাকার সংশ্লিষ্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং পাকশী ও ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ট্রেন দুটির নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাকির হোসেন জানান, আগামী শনিবার থেকে বিকল্প রুটে ট্রেন চলাচল শুরু হবে এবং এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:১৯:১০   ৩ বার পঠিত   #  #  #  #  #