আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহের লক্ষ্যে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই কর্মসূচির মাধ্যমে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় এই গণশুনানি অনুষ্ঠিত হবে। জেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এই কর্মসূচি পরিচালিত হবে। তিনি আরও বলেন,
আমরা মনে করি, এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই, যেন বাংলাদেশে আর কখনো কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়।
প্রসিকিউশন সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠাচ্ছে। কোনো ঘটনার মামলা থাকলে তার রেকর্ড পর্যালোচনা করা হবে, আর মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করে তদন্ত সংস্থার মাধ্যমে বিচারের ব্যবস্থা করা হবে। যশোর জেলা থেকে এই কার্যক্রম শুরুর পরিকল্পনা থাকলেও স্থানীয় আইনজীবী সমিতির নির্বাচনের কারণে তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:১০:৩৯ ৬ বার পঠিত #আওয়ামী লীগ #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #গণশুনানি #গুম #বিচারবহির্ভূত হত্যা #মানবাধিকার