নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে সংঘটিত এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত অপর ৯ আসামির সাজাও বহাল রাখেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আসামিরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা ২১টি আপিল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের করা ১৬টি ফৌজদারি আবেদন শুনানির জন্য এক সাথে উপস্থাপন করা হবে। আলোচিত মামলাটির দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য থাকলেও সেদিন শুনানি হয়নি।
বাংলাদেশ সময়: ১৩:০৯:১৮ ৬ বার পঠিত #আপিল #নারায়ণগঞ্জ #বিচার #সাত খুন #সুপ্রিম কোর্ট #হাইকোর্ট