
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার দেশটির মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে দুর্বল করে দিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত সোমবার প্রকাশিত ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ পর্যবেক্ষণ তুলে ধরেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকার সংসদীয় প্রক্রিয়াকে ক্ষুণ্ন করছে, বিরোধী দলগুলোকে দমন করছে এবং রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ ছাড়া নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী বিচারব্যবস্থা ও মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করার পাশাপাশি বিচার বিভাগেও হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, গত এক দশকে মোদি সরকার নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ এবং নাগরিক স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে। তাঁর ভাষ্য, সরকার আইনের শাসন ক্ষুণ্ন করে হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করেছে। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার খর্ব হয়েছে এবং ভারতে কর্তৃত্ববাদী শাসন আরও গভীর হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, বর্তমান ও সাবেক বিচারক এবং সাবেক সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে। বিষয়টির গুরুত্ব তুলে ধরতে মঙ্গলবার রাতে ভারতের নাগরিক সমাজের বিশিষ্ট নারী কর্মীদের নিয়ে আয়োজিত একটি অনলাইন আলোচনায় অংশ নেন পিয়ারসন। সেখানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় আরও অংশ নেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার, রাজনৈতিক পরিসরে স্বচ্ছতা নিয়ে কাজ করা গবেষক অঞ্জলি ভরদ্বাজ এবং নাগরিক অধিকারবিশেষজ্ঞ উষা রামানাথন।
সংসদীয় তদারকি ব্যবস্থা উপেক্ষার বিষয়টি প্রতিবেদনে বিশেষভাবে তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ। এতে বলা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে লোকসভা ও রাজ্যসভা থেকে নজিরবিহীনভাবে ১৪৬ জন বিরোধী সংসদ সদস্যকে পুরো অধিবেশনের জন্য বহিষ্কার করা হয়। এরপর নির্বাচন কমিশনার নিয়োগে সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আইন পাস করা হয়।
এ ছাড়া ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মোদি সরকার মৌলিক অধিকারের ওপর প্রভাব ফেলে, এমন বিভিন্ন আইনকে ‘অর্থ বিল’ হিসেবে দেখিয়ে দ্রুত পাস করিয়েছে। ২০১৯ সালে একই প্রক্রিয়ায় অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ) সংশোধন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ক্ষমতা বাড়ানো হয়। সংস্থাটির দাবি, পরবর্তী সময়ে বিরোধী রাজনীতিক ও সমালোচকদের দমনে এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে।
ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ার বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগের মধ্যেই মঙ্গলবার দেশটির পার্লামেন্ট রাজনীতির কাছে বন্দী হয়ে পড়েছে বলে মন্তব্য করেন জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক রাজদীপ সরদেশাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘নভেম্বরের শেষ সপ্তাহ চলে এলেও আগস্টে শেষ হওয়া বর্ষাকালীন অধিবেশন স্থগিত করার বা শীতকালীন অধিবেশন ডাকার কোনো লক্ষণ এখনো নেই। গুঞ্জন রয়েছে যে সংসদ ডাকার আগে সরকার ডিলিমিটেশন বিল (আসন পুনর্বিন্যাস বিল) পাস করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করার চেষ্টা করছে। তাহলে কি সংসদীয় রীতিনীতি এখন রাজনৈতিক সংখ্যার খেলার কাছে জিম্মি হয়ে পড়েছে?’
আইন প্রণয়নের সুবিধার্থে শীতকালীন অধিবেশন কার্যত বাতিল বা সংক্ষিপ্ত করা হলে তা কী ধরনের দৃষ্টান্ত তৈরি করবে, সেই প্রশ্নও তুলেছেন রাজদীপ সরদেশাই। তিনি বলেন, ‘এমনিতেই দেশের অনেক রাজ্যের বিধানসভাগুলো এখন দুই বা তিন দিনের নামমাত্র অধিবেশনে পরিণত হয়েছে। আমি যত দূর জানি, ভারত এখনো একটি সংসদীয় গণতান্ত্রিক দেশ। সংসদ কোনো সরকারেরই (তা যে সরকারই হোক না কেন) ব্যক্তিগত রাজনৈতিক সুবিধার জায়গা নয়।’
এ বিষয়ে ভাবার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক রাজদীপ সরদেশাই।
ভারতের নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, মোদি ও বিজেপির শীর্ষ নেতাদের ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন বারবার ব্যর্থ হয়েছে। ২০২৫ সালের জুন থেকে ভোটার তালিকা সংশোধনের নামে ১৩ কোটির বেশি নাম কীসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে ২০২৬ সালের অক্টোবরে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
অন্যদিকে, সরকারি তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ইডি ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে, যা আগের দশকের তুলনায় ৬০০ শতাংশের বেশি। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা বিজেপিতে যোগ দিলেই এসব তদন্ত স্থগিত করা হয় বা মামলা প্রত্যাহার করা হয়। এ কারণেই বিরোধীরা বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ আখ্যা দিয়ে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইন ‘ইউএপিএ’ এবং বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইনের অপব্যবহার করে মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বিনা বিচারে দীর্ঘদিন কারাবন্দী রাখার অভিযোগও আনা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের আদালতগুলোও মৌলিক স্বাধীনতা রক্ষায় ব্যর্থ হয়েছে। ২০২৬ সালের এপ্রিলে পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার পর সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করেনি। এরপর ওই নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় আসে। তবে তীব্র প্রতিবাদের মুখে নভেম্বরে নির্বাচন কমিশন কিছু সিদ্ধান্ত প্রত্যাহার করে।
হিউম্যান রাইটস ওয়াচের মতে, গত এক দশকের এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ব্যর্থতা নয়; বরং একটি সুসংগঠিত কর্তৃত্ববাদী কৌশলের অংশ। ভারতের গণতান্ত্রিক অবক্ষয় রোধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমালোচকদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করে সবার অধিকার রক্ষার ঢাল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
একই সঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও নিরাপত্তা আলোচনাসহ সব উচ্চপর্যায়ের বৈঠকে নির্বাহী বিভাগের ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে মোদি সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ভারতের মিত্রদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ সময়: ৪:৫৮:৩১ ১০ বার পঠিত #নরেন্দ্র মোদি #ভারতীয় জনতা পার্টি #ভারতের গণতন্ত্র #হিউম্যান রাইটস ওয়াচ