গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সেই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস করা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জয়নাল মুন্সীর বাড়ি নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে। তবে মুকসুদপুর উপজেলা সদরে তাঁদের আরেকটি বাড়ি আছে।
পুলিশ জানায়, নগরকান্দার পুরাপাড়া গ্রামে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নগরকান্দা থানা-পুলিশ সূত্রে জানা যায়, জয়নাল মুন্সী নগরকান্দার পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে প্রায় এক মাস আগে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় এনে তাঁর মোবাইল সেটে ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তিনি ফেসবুকে ওই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস প্রকাশ করেছিলেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ গণমাধ্যমকে বলেন, জয়নাল মুন্সীকে নগরকান্দা থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান সাংবাদিকদের জানান, মুকসুদপুর থানায় ভাঙচুর ও হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। থানার অচলাবস্থা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগছে। থানা ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।
জয়নাল মুন্সীকে গ্রেপ্তারের বিষয়ে নাফিছুর রহমান বলেন, ‘নগরকান্দা থানায় যে যুবক গ্রেপ্তার হয়েছেন, তাঁর বিরুদ্ধে মুকসুদপুর থানা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বলে শুনেছি।’
বাংলাদেশ সময়: ২১:৪২:১৩ ৯ বার পঠিত #আগুন #থানায় #দিয়ে #দেওয়া #নিষিদ্ধ #ফেসবুক #ভিডিও #মুকসুদপুর