সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা

প্রথম পাতা » প্রধান সংবাদ » অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকা, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা এবং এজলাসের নির্ধারিত সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির আদেশে সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হওয়া, এজলাসের সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিচারকার্য পরিচালনা এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে এর আগেও বিভিন্ন সময়ে সার্কুলার জারি করা হয়েছে। তবে সম্প্রতি অধস্তন আদালতের অনেক বিচারক যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন।

এতে বলা হয়, অনেকে সপ্তাহের বিভিন্ন কর্মদিবসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগেই একাধিকবার কর্মস্থল ত্যাগ করছেন। এ ছাড়া অনেকে নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না। কোনো কোনো ক্ষেত্রে এজলাসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম সমাপ্ত করছেন। ফলে বিচারপ্রার্থী জনগণের বিচারপ্রাপ্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট নিরসন এবং বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতিশীলতা আনতে নির্ধারিত কর্মঘণ্টার যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, বিচার বিভাগের ভাবমূর্তি বজায় রাখা, শৃঙ্খলা রক্ষা এবং বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ও কার্যকর ব্যবহারসংক্রান্ত আগে জারি করা সার্কুলারগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এ লক্ষ্যে সব বিচার বিভাগীয় কর্মকর্তাকে প্রতি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সপ্তাহান্তের ছুটির পর পরবর্তী কর্মদিবসে কর্মস্থলে যোগদানেও বিলম্ব করা যাবে না।

এ ছাড়া কর্মদিবসে নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করতে হবে এবং এজলাসের সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে এজলাসের বিচারিক কার্যক্রম শেষ করা যাবে না।

সার্কুলারে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য বা লঙ্ঘনের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:২৬:৪১   ৯ বার পঠিত   #  #  #  #  #  #  #  #