সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভিযোগের তালিকায় এবার যুক্ত হয়েছে ‘ডার্টি বম্ব’ বা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম নোংরা বোমা হামলার ষড়যন্ত্রের বিষয়টি। ওয়াশিংটনের দাবি, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ ধরনের হামলা কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে তেহরানের। তবে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, ইসরায়েলের সঙ্গে ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের দায় ও পরিণতি থেকে বিশ্ববাসীর মনোযোগ সরাতেই নতুন করে ডার্টি বম্বের ভয় দেখাচ্ছে ওয়াশিংটন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ে অভিযোগের পর এবার যুক্তরাষ্ট্র ‘ডার্টি বম্ব’ হামলার নতুন দাবি সামনে এনেছে। তিনি বলেন, এ ধরনের অভিযোগের মূল উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে একটি অবৈধ ও অন্যায় যুদ্ধ শুরু করার দায় থেকে নিজেদের আড়াল করা।

এর আগে গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইরান হয়তো ওয়াশিংটন ডিসিতে ডার্টি বম্ব বিস্ফোরণ ঘটানো অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর ভাষ্য, ইরানের বিরুদ্ধে পারমাণবিক হুমকির অভিযোগ প্রতিষ্ঠা করতে না পেরে এখন ডার্টি বম্ব এবং দেশটির বাঁধ নিয়ে নতুন নতুন অভিযোগ তোলা হচ্ছে। বাঘাই আরও বলেন, এসব অভিযোগের মাধ্যমে নিজেদের আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্রের অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডকে কোনোভাবেই ন্যায়সংগত প্রমাণ করতে পারে না।

ইরানের বক্তব্য অনুযায়ী, নতুন এই অভিযোগ মূলত দেশটির বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের রাজনৈতিক বৈধতা তৈরির প্রচেষ্টার অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তোলা ডার্টি বম্ব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১১:০৯   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #