ঢাকা রেঞ্জের ১৩টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি জোরদার করতে ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) ও সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দুই মাসের জন্য ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সংযুক্ত কর্মকর্তাদের মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপার এবং চারজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার। তাঁদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ, পুলিশ সদর দপ্তর, সিআইডি, র্যাব এবং গাজীপুর জেলা পুলিশে কর্মরত কর্মকর্তারা রয়েছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তাদের সোমবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকা রেঞ্জের জেলাগুলোতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ এবং বিভিন্ন স্থানে নাশকতার ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একই দিনে পুলিশ পরিদর্শক পর্যায়ের আরও ১০ জনকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়।
বাংলাদেশ সময়: ১২:৫১:০১ ৪ বার পঠিত #আইনশৃঙ্খলা #ঢাকা রেঞ্জ #পুলিশ #প্রশাসন #বাংলাদেশ পুলিশ