![]()
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল শুনানি গ্রহণ করবেন।
এর আগে গত ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল এবং ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে তিনি উপস্থিত হতে পারেননি।
তখন ফুয়াদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমান। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ফুয়াদের আদালতে আসতে না পারার বিষয়টি জানিয়ে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া সময় আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন এবং ২৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
গত ১ নভেম্বর প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেওয়ার সময় ফুয়াদ ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন।
প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, ওই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেন এবং ফুয়াদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুয়োমোটো নোটিশ জারি করেন। সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই তাকে বক্তব্যের ব্যাখ্যা দিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১২:৪০:১১ ৬ বার পঠিত #আদালত অবমাননা #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #এবি পার্টি #ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ