প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকার এমন একটি রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ করতে চায়, যেখানে মানবিক মূল্যবোধ এবং মানুষের প্রতি মানুষের মমত্ববোধই হবে মূল চালিকাশক্তি। রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর মাঝে পুনর্নির্মিত বাসার চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এ কথা বলেন।
অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাতটি বাসার চাবি হস্তান্তর করেন। এ সময় গত ১৫ নভেম্বর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র নামের এক তরুণ নিহত হন এবং সাত-আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাসা পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিক্যাল অফিসার শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বস্তিবাসী।
বাংলাদেশ সময়: ৯:২৬:০১ ৭ বার পঠিত #অগ্নিকাণ্ড #কড়াইল বস্তি #জুবাইদা রহমান #তারেক রহমান #পুনর্বাসন #বিএনপি