সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল

প্রথম পাতা » চাকরি » ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ এবং প্রার্থীদের যোগদানের হিসাব সমন্বয়ের জন্য পিএসসি এই সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের পর প্রার্থীদের যোগদানের প্রকৃত হিসাব পাওয়া যাবে, যা সমন্বয় করে ৫০তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হবে।

পিএসসির একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট যেকোনো সময় প্রকাশিত হতে পারে। গেজেট প্রকাশের পর প্রার্থীরা চাকরিতে যোগ দিলে প্রকৃত শূন্য পদের হিসাব পাওয়া যাবে। সেই হিসাব সমন্বয় করেই ৫০তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হবে।

বিসিএস নিয়োগে ‘রিপিট ক্যাডার’ ও ‘লোয়ার ক্যাডার’ একটি দীর্ঘদিনের সমস্যা। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিটি বিসিএসে গড়ে ২০০ থেকে ২৫০টি পদ এই জটিলতায় খালি থাকে। পিএসসি জানিয়েছে, ৪৬তম বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করলেও ৪৭তম বিসিএসের গেজেট এখনো প্রকাশিত না হওয়ায় ৫০তম বিসিএসের ফল শতভাগ রিপিট ক্যাডারমুক্ত করা সম্ভব হবে না। তবে এই প্রক্রিয়ায় অন্তত ২৫০ জন যোগ্য প্রার্থী নতুন করে ক্যাডার পদে সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফল তৈরির আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ৯:২৪:২২   ৬ বার পঠিত   #  #  #  #  #  #