রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা দেবজয় সরকারকে মারধরের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আমীরুল ইসলামকে। অন্য সদস্যরা হলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক সৈয়দ সরওয়ার জাহান, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আব্দুল মতিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আতিকুল ইসলাম এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ নাঈম ফারুকী।
গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে সোহরাওয়ার্দী হলে অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সর্বশেষ কমিটির সদস্য দেবজয় সরকারকে মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন রড ও লাঠিসোঁটা নিয়ে হলে প্রবেশ করেন। এরপর হল শাখা ছাত্রদলের সহসভাপতি সাব্বির হোসেনের উপস্থিতিতে দেবজয়কে মারধর করা হয় এবং একপর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিনসহ কয়েকজন তাঁকে হলের অতিথি কক্ষে নিয়ে যান। ঘটনার প্রতিবাদে অর্থনীতি বিভাগ ও হলের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতেই প্রাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিচার দাবি করেন। পরে হল প্রশাসন, অর্থনীতি বিভাগের শিক্ষক, ছাত্রদলের সভাপতি ও শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ২২:২৯:০৯ ২৪ বার পঠিত #ছাত্রদল #ছাত্রলীগ #তদন্ত কমিটি #মারধর #রাজশাহী বিশ্ববিদ্যালয়