রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

নুসরাতের বাড়িতে আগুন নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে, রোববার প্রতিবেদন জমার সম্ভাবনা

প্রথম পাতা » জাতীয় » নুসরাতের বাড়িতে আগুন নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে, রোববার প্রতিবেদন জমার সম্ভাবনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত কমিটির এক সদস্য জানান, অগ্নিকাণ্ডের কারণ হিসেবে নাশকতা, দুর্ঘটনা, শর্টসার্কিট বা অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সিসিটিভি ফুটেজে দৃশ্যমান আগুনের স্ফুলিঙ্গই ঘটনার সূত্রপাত ছিল না; বরং তার অনেক আগে থেকেই আগুন জ্বলছিল। তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত করেছেন যে শর্টসার্কিটের কারণে আগুন লাগেনি।

তদন্ত কমিটি মনে করছে, ওই বাড়ির একটি কক্ষে খড় রাখা ছিল। কেউ হয়তো খড়ে আগুন দিয়েছিল বা দুর্ঘটনায় এটি হতে পারে। বিষয়টি আরও পর্যালোচনা করা হচ্ছে।

তদন্ত কমিটির সদস্যরা শুক্রবার ও শনিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সহায়তায় আলামত সংগ্রহ করেছেন। গত বুধবার গভীর রাতে ঘটা এই অগ্নিকাণ্ডের ঘটনায় নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতাদের আসামি করা হয়েছে। শনিবার পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব উল ইসলাম জানিয়েছেন, তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং রোববার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ৭:০৫:৫৭   ৬ বার পঠিত   #  #  #  #  #  #