শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলাচলে কড়াকড়ি

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলাচলে কড়াকড়ি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ককটেল বিস্ফোরণের ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য সবার যানবাহনের প্রবেশ ও চলাচল সীমিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে। সম্প্রতি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৪:৩৪   ২৭ বার পঠিত   #  #  #  #  #