শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাজনৈতিক স্বার্থে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে: অর্থ উপদেষ্টা

প্রথম পাতা » জাতীয় » রাজনৈতিক স্বার্থে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে: অর্থ উপদেষ্টা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠার লক্ষ্যে অতীতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলনকক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিশেষজ্ঞদের পর্যালোচনা অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় ০.৮ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে।

বিবিএসের জাতীয় হিসাব ও শিল্প উৎপাদনের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে গঠিত বিশেষজ্ঞ কমিটির খসড়া প্রতিবেদনের ওপর মতামত নিতে এই সেমিনারের আয়োজন করা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক। কমিটির পর্যালোচনা প্রতিবেদনে ২০১০-১১ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত দুই মেয়াদের জিডিপি প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, প্রথম মেয়াদে (২০১০-১১ থেকে ২০১৩-১৪) গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.২৭ শতাংশ, যা পরবর্তী মেয়াদে (২০১৪-১৫ থেকে ২০১৮-১৯) বেড়ে ৭.৩৯ শতাংশে দাঁড়ায়। প্রতিবেদনে শিল্প উৎপাদনের উপখাতগুলোর তথ্যে অসামঞ্জস্য এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় গুরুতর দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে পেট্রোলিয়াম পরিশোধন, জাহাজ নির্মাণ ও সিমেন্ট খাতের মতো কিছু ক্ষেত্রে অস্বাভাবিক উৎপাদন ও মূল্য সংযোজন দেখিয়ে সামগ্রিক শিল্প খাতের প্রবৃদ্ধি অতিরঞ্জিত করার সুযোগ ছিল বলে উল্লেখ করা হয়েছে। উপদেষ্টা তিতুমীর বলেন, জিডিপি কোনো রাজনৈতিক হাতিয়ার নয়, বরং অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন হওয়া জরুরি। তিনি আরও জানান, বিশেষজ্ঞ কমিটির এই অডিট বা পির রিভিউ প্রক্রিয়ায় কোনো ধরনের প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি।

বাংলাদেশ সময়: ২০:২৬:০৩   ৩০ বার পঠিত   #  #  #  #  #  #