বুলগেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়ামবোল শহরের কাছে ট্রাকিয়া মহাসড়কে ঘন কুয়াশার কারণে পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ঘটা এই দুর্ঘটনায় অন্তত ৫০টি গাড়ি ও ট্রাকের সংঘর্ষ হয় এবং প্রায় ৫০ জন আহত হন।
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি দুর্ঘটনা ঘটে বুর্গাসগামী লেনের ২৮৯তম কিলোমিটারে এবং অন্যটি ঘটে ২৯৪তম কিলোমিটারে, জিমনিৎসা সংযোগস্থলের আগে সোফিয়াগামী লেনে। দুর্ঘটনায় বেশ কয়েকটি গাড়ি উল্টে যায়, অনেক যানবাহন দুমড়েমুচড়ে যায় এবং কয়েকটি সড়ক থেকে ছিটকে পাশে পড়ে যায়। আহতদের সিলভেন, ইয়ামবোল ও বুর্গাসের আঞ্চলিক হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। ইয়ামবোল আঞ্চলিক পুলিশ বিভাগের প্রধান পরিদর্শক তোদর মিশিনেভ জানিয়েছেন, উদ্ধারকাজ সম্পন্ন করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। এই ঘটনার পর প্রেসিডেন্ট রুমেন রাদেভ ভার্নায় তার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন এবং মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকও স্থগিত করা হয়েছে। আহতদের রাজধানী সোফিয়ার হাসপাতালে নেওয়ার জন্য প্রেসিডেন্টের সরকারি বিমান ও ‘স্পার্টান’ সামরিক পরিবহন বিমান প্রস্তুত রাখা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:৪০:৫৪ ২০ বার পঠিত #আন্তর্জাতিক #কুয়াশা #নিহত #বুলগেরিয়া #সড়ক দুর্ঘটনা