
নামের মিলের কারণে দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা ঢাকার দোহারের মো. আলমাস মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে তিনটায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানান, বেলা সোয়া দুইটার দিকে আলমাসের জামিনের কাগজ কারাগারে পৌঁছায় এবং আনুষ্ঠানিকতা শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়।
২০০২ সালে মিরপুর থানার একটি অস্ত্র মামলায় আলমাছ নামের একজনের সাজা হয়। সেই মামলায় বাবা ও নিজের নাম মিল থাকায় দোহারের সুন্দরীপাড়া গ্রামের আলমাস শেখকে গত বছরের ৪ নভেম্বর গ্রেপ্তার করে দোহার থানা–পুলিশ। নাম–ঠিকানা যাচাই না করেই তাঁকে গ্রেপ্তার করায় তখন স্থানীয় লোকজন প্রতিবাদ জানালেও পুলিশ তা আমলে নেয়নি।
বিষয়টি নিয়ে গত ৪ অক্টোবর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আলমাস উচ্চ আদালতে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে কারাগারে থাকা আলমাস এবং দণ্ডিত ব্যক্তির পরিচয় যাচাইয়ে তদন্তের নির্দেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরিচালিত অনুসন্ধানে প্রমাণিত হয় যে, কারাগারে থাকা আলমাস মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। প্রকৃত আসামি আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:৫০ ১৮ বার পঠিত #আদালত #কারামুক্তি #কেরানীগঞ্জ কারাগার #দোহার #ভুল গ্রেপ্তার #হাইকোর্ট