মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

প্রথম পাতা » জাতীয় » ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়। বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি সংক্রান্ত সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। একইসঙ্গে জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগাতে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।

রাষ্ট্রদূত সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করে জানান, চুক্তির খসড়া ও বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া এরই মধ্যে বাংলাদেশকে নিজেদের অবস্থান জানিয়েছে। বৈঠকে বিনিয়োগকারীদের নীতিগত সমস্যা দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় ও কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে যৌথ সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০ কোরিয়ান কোম্পানির পরিচালনাগত চ্যালেঞ্জ, বিশেষ করে স্যামসাং-এর গবেষণা ও উন্নয়ন সেন্টারের গবেষণাসামগ্রী আমদানিতে প্রশাসনিক জটিলতা ও কাস্টমস নীতিমালা সংক্রান্ত প্রতিবন্ধকতা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি সংক্রান্ত জটিলতা নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন। বাণিজ্যমন্ত্রী জানান, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি পারমিট (আইপি) ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্ন করার কাজ চলছে। জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বাড়াতে বাণিজ্যমন্ত্রীর প্রস্তাবিত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নিয়েও আলোচনা হয়, যেখানে রাষ্ট্রদূত হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে এলএনজি সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০৯   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #