মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তার ফের রিমান্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তার ফের রিমান্ড
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



রাষ্ট্রদ্রোহসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ণ পাল (৪৭)। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবু বকর আদালতের এ আদেশের তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানালেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। আদালত জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর গ্রেপ্তারের পর আসামিদের চার দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। ওই সময় জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন সংগঠনকে সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তদন্ত কর্মকর্তার দাবি, আসামিদের কাছ থেকে উদ্ধার করা আলামত বিশ্লেষণে নিষিদ্ধ সংগঠনের নেতাদের পাশাপাশি কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে শতাধিক গ্রুপ পরিচালনা করে সরকারবিরোধী প্রচার চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তদন্ত কর্মকর্তার তথ্যানুযায়ী, এই দুই আসামির দেয়া তথ্যের ভিত্তিতে অবসরপ্রাপ্ত মেজর ড. খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামিদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। গত ১১ অক্টোবর গভীর রাতে পল্লবী থেকে কাজী গুলশান আরা এবং বনানী থেকে বিজয় দেবাশীষ নারায়ণ পালকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫৯   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #