নোয়াখালী সদর উপজেলায় নির্মাণাধীন একটি ঘরের পাশ থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে সুধারাম থানা-পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল এবং তার গ্রামের বাড়ি পাশের বেগমগঞ্জ উপজেলায়।
নিহত শিশুর চাচার ভাষ্যমতে, শিশুটি ও তার ১০ বছর বয়সী বড় ভাই দুপুরে বাড়িতে খাওয়া-দাওয়া শেষে মাদ্রাসায় যাচ্ছিল। পথে ভাই প্রস্রাব করতে একটু দূরে গেলে শিশুটি নিখোঁজ হয়। বিকেলে মাদ্রাসা ছুটি হলে ভাই বাড়ি ফিরে এলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে মাদ্রাসা থেকে প্রায় ২০০ গজ দূরে নির্মাণাধীন একটি ঘরের ভিটার কাছে শিশুটির লাশ পাওয়া যায়।
পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনাস্থলে শিশুটির পরনের জামাকাপড় অগোছালো ছিল। এ কারণে তাদের সন্দেহ, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ৯:২৪:০৭ ২৪ বার পঠিত #অপরাধ #নোয়াখালী #মাদ্রাসা ছাত্রী #শিশু হত্যা #সুধারাম থানা