স্থানীয় সরকার বিভাগ দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশনা জারি করেছে। ৮ নভেম্বর জারি করা এ সংক্রান্ত চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এই নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’-এ গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে এবং ওই সড়কের পাশে গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে এবং অবশিষ্ট ৬০ শতাংশ ইউনিয়নের পরিবেশের অনুকূল কার্যক্রমে ব্যয় করা হবে। স্থানীয় সরকার বিভাগ অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন করে বিভাগকে অবহিত করার নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:২১:০৬ ২৯ বার পঠিত #ইউএনও #গ্রাম পুলিশ #সড়ক নামকরণ #সামাজিক বনায়ন #স্থানীয় সরকার বিভাগ