খুলনা নগরের মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মশিউর রহমান (৫৯) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। মশিউর রহমান খুলনার রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক পদে কর্মরত।
গুলি এসে ওই ব্যক্তির বুকের নিচে বাঁ পাশে মাংস ছুঁয়ে বের হয়ে গেছে। তবে তিনি হামলাকারীদের লক্ষ্য ছিলেন না বলে মনে হচ্ছে।
গুলিবিদ্ধ মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে তিনি পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তিকে অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখেন। এ সময় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাঁ পাঁজরের নিচে লাগে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, পুলিশ হামলাকারীদের শনাক্তে কাজ করছে এবং ঘটনার উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলায় তরিকুল ইসলাম শেখ নামের এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় ৭৭ জন হত্যার শিকার হয়েছেন এবং অন্তত ৩৫টি হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। গত ১৫ দিনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বাংলাদেশ সময়: ৯:০৫:৩০ ২৬ বার পঠিত #অপরাধ #আইনশৃঙ্খলা #খুলনা #গুলি #শিক্ষা কর্মকর্তা