রবিবার, ৮ নভেম্বর ২০২৬

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ৯ ডিসেম্বর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ৯ ডিসেম্বর
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার ১৫ তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলাম রোববার (৮ নভেম্বর) এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৯ ডিসেম্বর ২০২৬ মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আদালত আসামি বার্জিস শাবনাম বর্ষা, মো. মাহির রহমান ও ফারদীন আহম্মেদ আয়লানের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করেন। শুনানিতে আসামি বর্ষার আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে হত্যাকাণ্ডে প্ররোচনার অভিযোগ আনা হলেও ৪৪ জন সাক্ষীর কেউই তাঁর সম্পৃক্ততার কথা বলেননি। অন্যদিকে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ আসামিদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে বিচার শুরুর আবেদন জানান। আদালত আয়লান ও মাহিরের পক্ষে করা সময়ের আবেদন নামঞ্জুর করেছেন।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলার রৌশান ভিলায় টিউশনি করতে গিয়ে জোবায়েদ হোসেন খুন হন। তদন্তে ত্রিভুজ প্রেমের বিষয়টি উঠে এসেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার দুই দিন পর ২১ অক্টোবর নিহত জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৬   ২৪ বার পঠিত   #  #  #  #  #  #