রবিবার, ৮ নভেম্বর ২০২৬

১২ বছর পর নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ১২ বছর পর নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



ইসলামী বক্তা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের দীর্ঘ ১২ বছর পর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৮ নভেম্বর) ঢাকার ৯ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলাম শুনানি শেষে আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাড়িতে নৃশংসভাবে মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুন হন। হত্যার পর তার বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, জেএমবি মতাদর্শের অনুসারী আসামিরা মতাদর্শগত পার্থক্যের কারণে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করে। অভিযুক্ত আসামিরা হলেন হাদিসুর রহমান সাগর, আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, রফিকুল ইসলাম ফারদীন, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী, মাহমুদ ইবনে বাশার এবং রতন চৌধুরী ওরফে ইঞ্জিনিয়ার রিপন। এর মধ্যে মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছেন। তদন্ত শেষে ২০২৪ সালের ৫ নভেম্বর সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৯:০৪:৪৭   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #