
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালে প্রসিকিউশনের এক সদস্যের মন্তব্য ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার (৮ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এই ঘটনা ঘটে।
জেরার এক পর্যায়ে প্রসিকিউশনের এক সদস্য মন্তব্য করেন, ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’।
এই মন্তব্যকে ‘হুমকি’ হিসেবে উল্লেখ করে আপত্তি জানান আসামিপক্ষের আইনজীবী পলাশ চন্দ্র রায়। এ নিয়ে উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে ট্রাইব্যুনাল দুই পক্ষকেই শান্ত ও সতর্ক থাকার নির্দেশ দেন। এর আগে জেরা চলাকালে প্রসিকিউশন থেকে বারবার বাধা দেওয়ার অভিযোগ তোলেন আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন দমনে সালমান এফ রহমান ও আনিসুল হক মূল নীতিগত সিদ্ধান্ত নিতেন এবং তাদের প্ররোচনায় বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালানো হয়।
বাংলাদেশ সময়: ১৮:১৬:২৯ ১৭ বার পঠিত #আদালত #আনিসুল হক #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #জেন-জি #মানবতাবিরোধী অপরাধ #সালমান এফ রহমান