বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

উচ্ছেদ অভিযানে গিয়ে হেনস্তার শিকার ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী

প্রথম পাতা » প্রধান সংবাদ » উচ্ছেদ অভিযানে গিয়ে হেনস্তার শিকার ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে গিয়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের রোষের মুখে পড়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় অভিযান চালানোর সময় তাঁকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করা হয়। পরে উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে। ব্যবসায়ীদের অভিযোগ, জরিমানা কমানোর কথা বলে অভিযানের দলে থাকা এক সদস্য দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়েছেন। তবে এই অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনে তিনি দাবি করেন, ভ্রাম্যমাণ আদালতকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে লোকজন জড়ো করা হয়েছিল। তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেননি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। তিনি ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো মতামতে উল্লেখ করেন, অভিযানের সময় পর্যাপ্ত পুলিশ ফোর্স ছিল না এবং পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুতি ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বগুণে ঘাটতি ছিল। এ কারণে তাঁকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ২২:০৫:০৯   ১২ বার পঠিত   #  #  #  #  #