পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষকে রাজনৈতিক ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছে এবং এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের বর্তমানে কোনো অমীমাংসিত দাবি নেই। এরপরও একটি মহল পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। শ্রমিক আন্দোলনের নামে কিছু বহিরাগত ও অশ্রমিক ব্যক্তি হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড চালাচ্ছে।
মন্ত্রী দাবি করেন, তদন্তে অতীতে আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালনকারী কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক ভূমিকার বিষয়টি উঠে এসেছে। এছাড়া মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। মজুরি বোর্ড প্রসঙ্গে তিনি জানান, সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত মজুরি বোর্ড আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্য নিয়ে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংযম প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে অপরাধী ও মাফিয়া চক্রকে কোনো ছাড় দেওয়া হবে না। সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক প্রসঙ্গে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১:৪১:৫৬ ১০ বার পঠিত #গার্মেন্টস #পোশাকশিল্প #মজুরি বোর্ড #রাজনৈতিক ষড়যন্ত্র #শ্রমিক অসন্তোষ #সালাহউদ্দিন আহমদ #স্বরাষ্ট্রমন্ত্রী