মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর সম্ভাবনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর সম্ভাবনা
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়।

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ওই সভায় ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে উপাচার্যদের অনুরোধ জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করবে। তবে কত দিন পরীক্ষা পেছানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সরকার সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দিচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং একই মাসের শেষ দিকে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করতেই ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের এই সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২২:৪০   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #