মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

সৌদি প্রবাসীদের জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

প্রথম পাতা » জাতীয় » সৌদি প্রবাসীদের জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



সৌদি আরবে কর্মরত প্রায় ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা, অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। সোমবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এই নির্দেশনায় সৌদি আরবের আইন, সামাজিক রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

  • ভিসা ও নিয়োগচুক্তি: সৌদি আরবে যাওয়ার আগে ভিসার ধরন ও নিয়োগকর্তার তথ্য যাচাই করতে হবে। ভিজিট ভিসায় কাজ করা আইনত নিষিদ্ধ। বিএমইটি ছাড়পত্র নিয়ে বৈধভাবে বিদেশযাত্রা এবং নিয়োগচুক্তির শর্ত, বেতন ও কর্মঘণ্টা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাসপোর্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অযথা জমা না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।
  • ইকামা ও চাকরির অধিকার: পৌঁছানোর পর নির্ধারিত সময়ে ইকামা সংগ্রহ ও এর মেয়াদ নিয়মিত যাচাই করতে হবে। Absher এবং QIWA অ্যাকাউন্ট সচল রাখা এবং বেতন ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
  • আইন ও সামাজিক রীতিনীতি: সৌদি আরবের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। জনসমাগমস্থলে শালীন আচরণ এবং নারী ও শিশুদের প্রতি সম্মানজনক আচরণ বজায় রাখতে হবে। সামরিক স্থাপনা বা নিরাপত্তাসংক্রান্ত ছবি তোলা এবং যাচাই না করা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
  • যানবাহন ও আর্থিক লেনদেন: বৈধ ড্রাইভিং লাইসেন্স ও বিমা ছাড়া গাড়ি চালানো যাবে না। হুন্ডি বা অবৈধ পথে অর্থ পাঠানো থেকে বিরত থেকে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে হবে। অন্যের ব্যাগ বা অজ্ঞাত পণ্য বহন না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
  • স্বাস্থ্য সুরক্ষা: প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা জায়গায় কাজ করা যাবে না।

জরুরি প্রয়োজনে ৯১১ (জরুরি সেবা), ৯৯৯ (পুলিশ), ৯৯৭ (অ্যাম্বুলেন্স), ৯৯৮ (ফায়ার সার্ভিস), ৯৯৩ (ট্রাফিক পুলিশ), ১৯৯১১ (শ্রম অভিযোগ) এবং বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২৮:১৩   ২০ বার পঠিত   #  #  #  #  #