জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টার মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন এবং আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার ১০০ ফিট রাস্তায় আন্দোলনে যোগ দিয়ে মো. শামীম মিয়া গুলিবিদ্ধ হন। পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের নামে মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২১:০৬:০৩ ২০ বার পঠিত #আদালত সংবাদ #গ্রেপ্তার #জুলাই আন্দোলন #বিএম মোজাম্মেল হক #হত্যাচেষ্টা মামলা