রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সরকারি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে করা পৃথক তিন মামলায় ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও কালাম উদ্দিনের পৃথক আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এবং এসআই আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ১৩ জন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা পল্লবী থানার অপর মামলায় ৭ জন এবং মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গত ১ নভেম্বর মিরপুর-১২ ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের ওপর হামলা, সরকারি পিকআপে আগুন ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ককটেলের বিস্ফোরিত অংশ ও পেট্রলভর্তি বোতল জব্দ করা হয়েছে। পুলিশের অভিযোগ, শ্রমিকদের আন্দোলনের আড়ালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তদন্তকারী কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঘটনার সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হতে পারেন এবং তদন্তে বিঘ্ন ঘটতে পারে বলে তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
বাংলাদেশ সময়: ২১:০৪:৪৫ ২০ বার পঠিত #আদালত #আন্দোলন #গ্রেফতার #নাশকতা #পল্লবী থানা #পোশাকশ্রমিক #মিরপুর #মিরপুর মডেল থানা