নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়া অর্থ তাদের ব্যাংক হিসাবে জমা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টার পর থেকে অনেক সরকারি কর্মচারী মোবাইল ফোনে বেতন ও বকেয়া অর্থ জমা হওয়ার এসএমএস পেয়েছেন। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী এবং ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের প্রায় সবাই এই বর্ধিত বেতন-ভাতা পেয়েছেন। তবে যাদের বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, তারা সংশোধিত কাঠামো অনুযায়ী বেতন পাননি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রক্রিয়া শেষ হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাকিদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে। গত ১৭ সেপ্টেম্বর সরকার নতুন জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করে। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে এবং তা ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৫৫:৩৪ ১২ বার পঠিত #অর্থ মন্ত্রণালয় #বেতন বকেয়া #বেতন স্কেল #সরকারি কর্মচারী #সরকারি চাকরি