সোমবার, ২ নভেম্বর ২০২৬

আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের

প্রথম পাতা » প্রধান সংবাদ » আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের
সোমবার, ২ নভেম্বর ২০২৬



প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলায় আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার রায় জালিয়াতির পুরো ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছেন আপিল বিভাগ। আগামী ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী শুনানি ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, গাজী কামরুল ইসলাম সজলসহ সিনিয়র আইনজীবীরা। আপিল বিভাগ সংশ্লিষ্ট কোর্টের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ১৮টি মামলার রায়ই তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার অভিযুক্ত আইনজীবীকে ঢাকা না ছাড়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। এ ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া। ২০২০ সালের একটি রিট মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই মামলায় মূল আবেদনকারীদের বাদ দিয়ে নতুন করে সহ-আবেদনকারী যুক্ত করার ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এমনকি মূল আবেদনকারীদের বাদ দিয়ে পরবর্তীতে যুক্ত হওয়া আবেদনকারীদের পক্ষে আদেশ দেয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫২:০০   ১২ বার পঠিত   #  #  #  #  #  #