অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানি পিছিয়ে আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালত এ দিন ধার্য করেন। মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানান, আসামিপক্ষের আইনজীবী অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি, যার ফলে সময়ের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। নথি সূত্রে জানা গেছে, মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০ থেকে বিশেষ জজ আদালত-৫-এ স্থানান্তর করা হয়েছে। শুনানিকালে কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। ২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক এবং গত বছরের ১৮ ডিসেম্বর চার্জশিট দাখিল করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ ছাড়া ৯টি ব্যাংক হিসেবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ১৬:২১:২৭ ১৭ বার পঠিত #অবৈধ সম্পদ #অর্থপাচার #আদালত #আসাদুজ্জামান খান কামাল #চার্জ শুনানি #দুদক